সন্দেহজনক গতিবিধি এবং সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নাশকতায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে চার দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২২ সেপ্টেম্বর ডিবির সাধারণ ডায়েরির ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রবিউলকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয় এবং তিনি ১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে অবস্থান করছিলেন বলে জানা গেছে। গত ২৩ সেপ্টেম্বর তাঁকে প্রথম দফায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষ রবিউলকে আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মেজবাহ উদ্দিন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, প্রথম দফার জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে এবং তা যাচাইয়ের জন্য আরও রিমান্ড প্রয়োজন। শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরলেও আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। তারা দাবি করেন, রবিউল বৈধভাবেই বাংলাদেশে এসেছেন এবং আগের রিমান্ডে কোনো অগ্রগতি হয়নি। ডিবি জানিয়েছে, রবিউলের ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডি যাচাই করে জন্মতারিখের মধ্যে অমিল পাওয়া গেছে। এছাড়া তিনি বাংলাদেশ ভ্রমণের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি এবং একেক সময় একেক রকম তথ্য দিয়েছেন। সাম্প্রতিক নাশকতায় তাঁর সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। রবিউলের বাবার নাম শহীদুল ইসলাম, মায়ের নাম সালেহা খাতুন এবং তাঁর বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার মাটিয়া থানার গোঁড়ি ভোজ এলাকায়।
নাশকতার সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।



0 মন্তব্যসমূহ