কক্সবাজারের অন্যতম স্বনামধন্য শাস্ত্রীয় সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সৃজন সংগীত ভুবন তাদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। সংগীত হোক নতুন দিগন্তের সৃজনশীল পথ চলা এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে শাস্ত্রীয় সংগীত পরিবেশন, যন্ত্রসংগীত, আবৃত্তি, কথামালা, নৃত্য, গান পরিবেশন এবং কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। প্রিয়া দত্তের সভাপতিত্বে এবং সানিয়াতের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সভাপতি সুবিমল পাল পান্না, সৃজন সংগীত ভুবনের উপদেষ্টা ও সংগীতপ্রেমী ডাক্তার ইফতেখার উদ্দিন কুতুবী, কক্সবাজার জেলা সংগীত শিল্পী পরিষদের সভাপতি বশিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফরমান উল্লাহ, সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মনির মোবারক, কক্সবাজার জেলা শিশু একাডেমি শিশু বিষয়ক কর্মকর্তা রিয়েল মিয়া, ঝিনুকমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজীব দেবদাস, দরিয়া নগর সাংস্কৃতিক কেন্দ্রের সহ-সভাপতি জয়ন্তী রাণী দে, ঝিনুক নাট্য কেন্দ্রের সাধারণ সম্পাদক জুয়েল দত্ত ভুলু, বিচ ম্যানেজমেন্ট কমিটির সচিব রায়হান উদ্দিন আহমেদ, কক্সবাজার সৃজন সংগীত ভুবনের সাধারণ সম্পাদক নিশান ধর এবং অর্থ সম্পাদক কিশোর চৌধুরী আবীর। কথামালা পর্বে অতিথিরা বলেন, শিল্প ও সাহিত্য চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে অসাম্প্রদায়িক চেতনা এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত হতে পারে। যা একটি সুখী, সুন্দর, সাংস্কৃতিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখবে। আলোচনা সভা শেষে সৃজন সংগীত ভুবনের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়।
কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো সৃজন সংগীত ভুবনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে শিল্প ও সাহিত্য চর্চার ওপর গুরুত্বারোপ করেন।



0 মন্তব্যসমূহ