সরকারকে এখনই এক দফার আন্দোলনে যেতে দিতে চান না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দাবি না মানলে ধাপে ধাপে আন্দোলন এক দফায় পৌঁছাতে পারে, তবে তাঁরা এখনই সেই পথে না গিয়ে সরকারকে সময় দিচ্ছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী স্থানীয় চৌমাথা মোড়ে ১১ দলের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান আরও বলেন, জনগণের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হলে তাঁদের এই লংমার্চ করতে হতো না। এছাড়া বিদ্যুতের নিরবচ্ছিন্ন সংযোগ, কৃষকদের ন্যায্যমূল্যে সারপ্রাপ্তি, তেল সংকট দূরীকরণ এবং জনগণের জীবননিরাপত্তা নিশ্চিত হলে লংমার্চের প্রয়োজন হতো না বলে তিনি উল্লেখ করেন। জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধের দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে এই লংমার্চ কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবুর সভাপতিত্বে এবং জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।
সরকারকে সময় দিয়ে এখনই এক দফার আন্দোলনে যেতে চান না জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গাইবান্ধায় ১১ দলের লংমার্চের পথসভায় তিনি এই কথা বলেন।



0 মন্তব্যসমূহ