ইউরোপের সঙ্গে কোনো ধরনের সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে না মস্কো। সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মন্তব্য করেন। কয়েকটি ন্যাটো সদস্য দেশ ইউরোপে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক বার্তা দেওয়ার পর শুক্রবার রুশ প্রেসিডেন্ট এই অবস্থান স্পষ্ট করেন। পুতিন বলেন, উত্তেজনা বৃদ্ধি করার মতো কোনো বাস্তবসম্মত কারণ রাশিয়ার নেই এবং যারা এ ধরনের হামলার সতর্কতা প্রচার করছে, তাদের সমালোচনা করেন তিনি। রুশ প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, ইউরোপের অনেকে সেখানে রাশিয়ার আগ্রাসনের আশঙ্কা প্রকাশ করে নিজেদের যুদ্ধের প্রস্তুতি নিতে বলছেন, যা সঠিক নয়। চলতি মাসের শুরুতে জার্মানি অভিযোগ করেছিল যে, গত আগস্ট মাসে দেশটির লাইপজিগ বিমানবন্দরে একটি ড্রোন হামলার পরিকল্পনা করেছিল মস্কো। এ ছাড়া পোল্যান্ড সতর্ক করে জানিয়েছিল যে, ইউক্রেনকে সমর্থনকারী রাষ্ট্রগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে রাশিয়া। অন্যদিকে, ইউক্রেনের সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে পুনরায় শান্তি আলোচনা শুরু করার বিষয়ে নিজেদের অবস্থান পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান পুতিন। তিনি বলেন, সব প্রস্তাবই আলোচনার টেবিলে রয়েছে এবং সবকিছুই সম্ভব, তবে প্রতিপক্ষের সাম্প্রতিক পদক্ষেপের বিপরীতে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, তা তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করে দেখছেন।
ইউরোপের সঙ্গে কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি রাশিয়ার নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।



0 মন্তব্যসমূহ