Recents in Beach

ব্রেকিং নিউজ

দেশবিরোধী ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

দেশবিরোধী ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হলে তার সমুচিত জবাব দেওয়া হবে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি ফ্যাসিস্ট গোষ্ঠী দেশত্যাগে বাধ্য হওয়ার পরও বিভিন্ন উপায়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। তারা অতীতে গুম, খুন ও নির্বিচারে গুলি চালিয়েছে উল্লেখ করে বলেন, ভুল থেকে শিক্ষা না নিয়ে তারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে তারা রাজনীতিতে টিকতে পারবে না এবং দেশের মানুষই তাদের প্রতিহত করবে। বিগত সরকারের সময়ে দেশ ধ্বংসের মুখে পড়েছিল উল্লেখ করে তিনি বলেন, সেই ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন দেশনায়ক তারেক রহমান। ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে লড়াই করেছেন। তাই জননিরাপত্তা ও গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের সবসময় সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাংগঠনিক সম্পাদক কাজী শফিকুল রহমান লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক অমল ব্যানার্জি, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক, আহমেদুল হক শাতিল, একেএম মনিরুল হক (ভিপি মনির), অ্যাডভোকেট আজিমুদ্দিন বিপ্লব, জাহিদ হোসেন মালা, নিলুফা ইয়াসমিন এবং দূর্জয় হোড় শুভ প্রমুখ। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষেপে:
দেশবিরোধী ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইলে এক সমাবেশে এই কথা বলেন তিনি।
দেশবিরোধী ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ