Recents in Beach

ব্রেকিং নিউজ

গণশুনানি ছাড়াই জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল

গণশুনানি ছাড়াই জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল

কোন ধরনের গণশুনানি ছাড়াই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করাকে অগণতান্ত্রিক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে সংগঠনটি। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালিত হয়। ঢাকা মহানগরের আহ্বায়ক আল-আমীন রহমানের সভাপতিত্বে এবং সম্পাদক তুহিন ফরাজির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সৈকত আরিফ, ঢাকা মহানগরের সদস্য ইয়াসিন খান, রিয়াজ হোসেন, আশিকুর রহমান এবং মাহমুদুল হাসান। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার অর্থনীতিকে ভঙ্গুর করে গেছে এবং বর্তমান সরকার সংকট থেকে উত্তরণের বদলে সাধারণ মানুষের ওপর নতুন অস্বস্তি তৈরি করছে। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাবে, যার নেতিবাচক প্রভাব পড়বে খেটে খাওয়া মানুষ ও শিক্ষার্থীদের ওপর। পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা প্রদানে সরকার ব্যর্থ হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত আরিফ তার বক্তব্যে বলেন, জ্বালানি তেলের দাম না বাড়িয়েও সংকট মোকাবেলা করার বিকল্প উপায় সরকারের হাতে ছিল। কিন্তু সরকার বিকল্প চিন্তা না করে জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি আরও বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাস রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা কোথায় সেই প্রশ্ন উঠেছে। দায়সারা বক্তব্য না দিয়ে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরের আহ্বায়ক আল-আমীন রহমান জানান, বিগত সময়ে বিপিসিসহ সরকারের অর্জিত মুনাফা থেকে জ্বালানি তেলে ভর্তুকি প্রদান করতে হবে এবং শুল্ক ও কর কমিয়ে দাম সমন্বয় করতে হবে। বাজার মনিটরিংয়ের অভাবে পরিবহন সিন্ডিকেটসহ নানা নৈরাজ্য সৃষ্টি হচ্ছে এবং এর ভোগান্তি সাধারণ জনগণকে পোহাতে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। সমাবেশ শেষে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অভিমুখে একটি মশাল মিছিল বের হয় যা পুনরায় শাহবাগে এসে শেষ হয়। এই কর্মসূচিতে ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক লালরিথাং বম, যুগ্ম সম্পাদক সজল আহমেদ এবং যুব ফেডারেশনের সদস্য মো. সৌরভসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

সংক্ষেপে:
গণশুনানি ছাড়াই জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
গণশুনানি ছাড়াই জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ