আগামী দুই বছরের মধ্যে মেট্রোরেল নেটওয়ার্কের দৈর্ঘ্যে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে ভারত। দেশটির কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল জানিয়েছেন, এই সময়ের মধ্যে চীন ছাড়া আর কোনো দেশের কাছে ভারতের চেয়ে বড় মেট্রোরেল পথ থাকবে না। শনিবার ইন্দোরে একটি নতুন মেট্রোরেল পথের উদ্বোধনকালে তিনি এই তথ্য দেন। মন্ত্রী জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রে ১,৩৮৬ কিলোমিটার মেট্রোরেল পথ থাকলেও ইন্দোরের নতুন লাইন চালুর পর ভারতে এর মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১,১৭০ কিলোমিটারে। অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে ভারত এখন মাত্র ২১৬ কিলোমিটার পিছিয়ে আছে। তালিকায় শীর্ষে থাকা চীনে প্রায় আট হাজার কিলোমিটার রেললাইন চালু রয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০১৪ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় মাত্র পাঁচটি শহরে ২৪৫ কিলোমিটার মেট্রোরেল ছিল, যা বর্তমানে ২৬টি শহরে বিস্তৃত হয়েছে। মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, নতুন এই রেললাইন ইন্দোর শহরকে বদলে দেবে এবং ভবিষ্যতে এটি উজ্জয়িনী পর্যন্ত নিয়ে যাওয়া হবে। বর্তমানে ইন্দোরের মেট্রোরেল পথ ৬ কিলোমিটার থেকে বাড়িয়ে ১৭ কিলোমিটার করা হয়েছে, যেখানে ১৬টি স্টেশন রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৭টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর এই ট্রেন চলাচল করবে।
দুই বছরের মধ্যে মেট্রোরেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য ভারতের। ইন্দোরে নতুন মেট্রো পথের উদ্বোধনীতে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল জানান, বর্তমানে ২৬টি শহরে এই সেবা বিস্তৃত হয়েছে।



0 মন্তব্যসমূহ