ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় একটি ভুয়া ও নকল ওষুধ কারখানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ওষুধ ও বেবি জেল জব্দ করেছে র্যাব-১৯। এই ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কারখানার মালিক বাইজিদ হোসেন শাহেদকে কারাদণ্ড দেওয়ার পর তার ম্যানেজার জিল্লুর রহমানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে শহরের গোয়ালচামট ১ নম্বর সড়কের জনতা ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক নামের প্রতিষ্ঠানে দ্বিতীয় দফায় এই অভিযান চালানো হয়। এর আগে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাইজিদ হোসেন শাহেদকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়। র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার প্রথমে এনসিপি নেতা বাইজিদ হোসেন শাহেদকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জনতা ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক প্রতিষ্ঠানে দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানাটি থেকে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রচুর নকল যৌন উত্তেজক ওষুধ এবং শিশুদের ক্ষতিকারক জেলি জব্দ করা হয়। তল্লাশির সময় কারখানা কর্তৃপক্ষ ওষুধ উৎপাদনের কোনো বৈধ কাগজপত্র বা সনদ দেখাতে ব্যর্থ হয়। আদালত সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফার অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির ম্যানেজার জিল্লুর রহমানকে বিশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া অভিযানে জব্দ করা ক্ষতিকারক তরল ওষুধগুলো স্থানীয় একটি ডোবায় ফেলে ধ্বংস করা হয় এবং বাকি মালামাল ও ওষুধ জব্দ করা হয়। পরে ওষুধ তৈরির ভারী যন্ত্রপাতিগুলো জব্দ করে স্থানীয় বাড়ির মালিকের জিম্মায় রাখা হয়েছে। র্যাব-১৯-এর কোম্পানি অধিনায়ক মেজর ফারহানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাকিব রহমান আকাশ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক শাহেদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই আয়ুর্বেদিক কারখানায় পুনরায় অভিযান চালানো হয়, যেখানে মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর নকল ওষুধ তৈরি হচ্ছিল এবং এর কোনো বৈধ অনুমোদন ছিল না।
ফরিদপুর শহরের একটি নকল ওষুধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ওষুধ ও বেবি জেল জব্দ করেছে র্যাব। এই ঘটনায় কারখানার মালিককে কারাদণ্ডের পর তার ম্যানেজারকে আটক করা হয়েছে।



0 মন্তব্যসমূহ