জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ১৪ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান বাদী হয়ে মামলাটি করেন।
দুদকের অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সাবেক মেয়র আ জ ম নাছিরের নিট সম্পদের আর্থিক মূল্য পাওয়া যায় ২২ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ১৮৭ টাকা। এছাড়া এ সময়ের মধ্যে তাঁর পারিবারিক ও অন্যান্য খাতে মোট ব্যয়ের পরিমাণ ছিল ১৮ কোটি ১২ লাখ ৫৫ হাজার ৬৪৮ টাকা। ব্যয়সহ তাঁর মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ কোটি ৬১ লাখ ৭৮ হাজার ৮৩৫ টাকায়। তবে এই সম্পদের বিপরীতে অনুসন্ধানে তাঁর বৈধ বা গ্রহণযোগ্য আয়ের উৎস মিলেছে ২৬ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ২৬৫ টাকার। ফলে তাঁর আয়ের উৎসের সঙ্গে সংগতিহীন বা অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৫৭০ টাকা।
দুদক কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইমরান উল্লেখ করেন, সম্পদ বিবরণীতে আ জ ম নাছির মৎস্য চাষ থেকে বড় অঙ্কের আয় দেখিয়েছেন। তবে দুদকের সরেজমিন অনুসন্ধানে এমন কোনো মৎস্য প্রকল্পের অস্তিত্ব পাওয়া যায়নি। এমনকি যাদের সঙ্গে যৌথভাবে মাছ চাষের চুক্তিপত্র দেখানো হয়েছিল, তারাও এ ধরনের কোনো চুক্তির অস্তিত্ব পুরোপুরি অস্বীকার করেছেন। কমিশনের অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির আশ্রয় নিয়ে বেআইনিভাবে এসব সম্পদ গড়ে তুলেছেন এবং তা ভোগদখলে রেখেছেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন ও আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আ জ ম নাছির উদ্দীন আত্মগোপনে রয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ আরও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ১৪ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।



0 মন্তব্যসমূহ