বিয়েতে তথ্য গোপন ও জালিয়াতি রোধে কাবিননামায় বর ও কনের আগের বিয়ের ইতিহাস, সন্তান এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্ত করার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন।
আদালতের রুলে জানতে চাওয়া হয়েছে, কাবিননামার বর্তমান ফরমে এসব প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত না করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। একইসঙ্গে নাগরিকদের পারিবারিক ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে কাবিননামার ফরম সংশোধনের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এই রিট আবেদনটি দায়ের করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও তানজিলা রহমান। রিট আবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে প্রচলিত কাবিননামার ফরম অনুযায়ী বর ও কনের পূর্ববর্তী বিয়ের পূর্ণাঙ্গ ইতিহাস, তালাক, সন্তান কিংবা ভরণপোষণ সংক্রান্ত আইনি দায়বদ্ধতার তথ্য যাচাইয়ের কার্যকর ব্যবস্থা নেই। এর ফলে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে পুনরায় বিয়ে করার সুযোগ তৈরি হচ্ছে, যা অনেক ক্ষেত্রে পারিবারিক বিরোধ ও আইনি জটিলতার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
আবেদনকারীরা দাবি করেন, বর্তমান ফরমে বরের কিছু তথ্য চাওয়া হলেও কনের বৈবাহিক ইতিহাস যাচাইয়ের ক্ষেত্রে সমতা নেই। তাই কাবিননামা সংশোধন করে উভয় পক্ষের আগের ও বর্তমান বিয়ের তথ্য, সন্তানদের বিবরণ এবং জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বর অন্তর্ভুক্ত ও যাচাইযোগ্য করার নির্দেশনা চাওয়া হয়েছে।
বিয়েতে জালিয়াতি ও তথ্য গোপন রোধে কাবিননামায় বর-কনের আগের বিয়ে, সন্তান ও জাতীয় পরিচয়পত্রের তথ্য যুক্ত করার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।



0 মন্তব্যসমূহ