সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান অর্জন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। একই প্রতিযোগিতার ৩০ পারা হিফজ বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন আরেক বাংলাদেশি প্রতিনিধি হাফেজ মাহমুদুল হাসান আশরাফী। গত বুধবার ১৯ আগস্ট মক্কার পবিত্র মসজিদুল হারামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
আন্তর্জাতিক এই মর্যাদাপূর্ণ আসরে বিশ্বের ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন হাফেজ অংশ নেন, যা প্রতিযোগিতার ৪৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণের রেকর্ড। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী হাফেজ নুরুদ্দিন জাকারিয়া বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে হিফজ বিভাগে এই গৌরবময় সাফল্য অর্জন করেন।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, মুসলিম তরুণদের পবিত্র কোরআন চর্চায় উৎসাহিত করা এবং এর মর্মার্থ অনুধাবনে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। এবারের আসরে পাঁচটি ভিন্ন বিভাগে মোট ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল পুরস্কার দেওয়া হয়েছে, যা এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ বাজেট। এছাড়া এ বছরই প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য পৃথক বিভাগের ব্যবস্থা রাখা হয়েছিল। পুরুষ বিভাগের সমাপনী অনুষ্ঠান মসজিদুল হারামে হলেও নারীদের জন্য নির্ধারিত অনুষ্ঠানটি মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশন হলে সম্পন্ন হয়।
সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে বিশ্বজয় করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। এছাড়া ৩০ পারা হিফজ বিভাগে তৃতীয় হয়েছেন হাফেজ মাহমুদুল হাসান আশরাফী। ১৩৩টি দেশের প্রতিযোগীদের হারিয়ে এই গৌরব অর্জন করেন তারা।



0 মন্তব্যসমূহ