নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর বঙ্গভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমীর খসরু স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
শপথ অনুষ্ঠানে বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি ছাড়াও প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আমন্ত্রিত অতিথিদের চলাচল নির্বিঘ্ন করতে আজ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন এলাকায় সাধারণ যানবাহনের চলাচলে এই বিধিনিষেধ কার্যকর থাকবে। তবে অতিথিদের বহনকারী যানবাহন এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলোকে দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব হয়ে চলাচলের অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে বাসগুলোকে অন্য সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। দৈনিক বাংলা থেকে রাজউকমুখী কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।
অন্যদিকে, হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্ট থেকে ইউটার্ন না করে ফুলবাড়িয়া অথবা ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বরের দিকে যেতে বলা হয়েছে। বিকল্প রুট হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল-নাইটিঙ্গেল-ফকিরাপুল-শাপলা চত্বর-ইত্তেফাক মোড় ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। সাময়িক এই ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে ডিএমপি।
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ উপলক্ষে বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ডিএমপি। আজ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্দিষ্ট কিছু সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।



0 মন্তব্যসমূহ