বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির লক্ষ্যে নেওয়া ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ বা এফএফই পরিকল্পনাটি বাতিল করেছে ফিফা। বিভিন্ন ফুটবল সংস্থার তীব্র বিরোধিতার মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংলিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের তথ্য অনুযায়ী, এই প্রকল্প বাস্তবায়ন হলে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বছরে প্রায় ৩০ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭০ কোটি টাকা মূল বেতন পেতেন। বোনাস বাদে তার দৈনিক আয় দাঁড়াত ১ কোটি টাকারও বেশি।
এই প্রকল্পে ইনফান্তিনোকে নতুন বাণিজ্যিক সংস্থার প্রধান নির্বাহী করার পরিকল্পনা ছিল। তবে ফিফা কর্তৃপক্ষ জানিয়েছে, এমন কোনো বেতন কাঠামোর আনুষ্ঠানিক প্রস্তাব কখনো দেওয়া হয়নি। উয়েফার ৫৫টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং বয়কটের হুমকি দেয়। এশিয়ান ফুটবল কনফেডারেশন ও কনকাকাফও এই বিরোধিতায় যোগ দেয়। বিতর্কের জেরে ইনফান্তিনোর উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগ করেন।
উয়েফা এক কড়া বিবৃতিতে জানায়, বর্তমান ফিফা নেতৃত্ব ফুটবল পরিবারের আস্থা হারিয়েছে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন ও কনকাকাফও ফিফার নেতৃত্ব নিয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনার দাবি তুলেছে। শেষ পর্যন্ত ভোটাভুটির আগেই প্রস্তাবটি প্রত্যাহার করে নেয় ফিফা। জিয়ান্নি ইনফান্তিনো জানান, এই প্রকল্প ফুটবল বিশ্বে বিভাজন তৈরি করায় তা আর এগিয়ে নেওয়া হবে না। তবে প্রস্তাব বাতিল হলেও এর পরিচালনা পদ্ধতি নিয়ে বিতর্ক এখনো অব্যাহত রয়েছে।
ফিফা প্রেসিডেন্টের বেতন বৃদ্ধির বিশাল পরিকল্পনা ভেস্তে গেল। ফুটবল সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে ফিফা তাদের বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাবটি প্রত্যাহার করতে বাধ্য হয়েছে।



0 মন্তব্যসমূহ