জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের লক্ষ্যে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ ও গণমিছিলের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই কর্মসূচিতে দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দেবেন। শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতাদের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্বকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে চরমোনাই পীর জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে সক্রিয় ছিলেন। তিনি আরও জানান, ৫ আগস্টের এই কর্মসূচির মাধ্যমে জুলাইয়ের চেতনা ও গণ-আন্দোলনের শক্তিকে নতুনভাবে জাগ্রত করা হবে। একইসঙ্গে জনআকাঙ্ক্ষা অনুযায়ী প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে রাজপথে গণজাগরণ সৃষ্টি করা হবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ আগস্ট বুধবার বেলা ১১টায় পল্টন মোড়ে সমাবেশ শুরু হবে। এরপর জোহরের নামাজের আগে একটি বিশাল গণমিছিল বের করা হবে। ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন নগর দক্ষিণের সহ-সভাপতি জিএম রুহুল আমীন, আলহাজ আনোয়ার হোসেন, এমএইচ মোস্তাফা এবং আলহাজ আব্দুল আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ ও গণমিছিলের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।



0 মন্তব্যসমূহ