ফেনীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি বাসকে জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল হাইওয়ে থানা এলাকায় এই অভিযান চালানো হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শব্দদূষণ সৃষ্টির দায়ে তিনটি বাসকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া যানবাহনগুলো থেকে ৬টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করার পর তা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক শাওন শওকত এই অভিযানে প্রসিকিউশন প্রদান করেন। তিনি জানান, পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। জনস্বার্থে এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ফেনীর মহিপালে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি বাসকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকৃত ৬টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ধ্বংস করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



0 মন্তব্যসমূহ