ইরানের সঙ্গে যুদ্ধে না জড়িয়ে আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান করতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তিনি মানুষ হত্যা করতে চান না। ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের ওপর একটি বড় ধরনের সামরিক হামলার সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও সম্ভাব্য সমঝোতার কথা বিবেচনা করে তা স্থগিত রাখা হয়েছে। সোমবার থেকেই তেহরানের সঙ্গে নতুন দফার আলোচনা শুরু হবে বলে তিনি জানান।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো তাকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। তাদের বিশ্বাস, হরমুজ প্রণালি ও পারমাণবিক ইস্যু নিয়ে একটি কার্যকর সমঝোতা বা চুক্তি সম্ভব। ট্রাম্পের এই ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ৪.৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৩.৯৮ ডলারে দাঁড়িয়েছে।
তবে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা মেহর ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে একে মিথ্যা বলে অভিহিত করেছে। সংস্থাটি জানায়, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপ স্থগিত রাখতে বলেনি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ওমানের মধ্যস্থতায় চলা আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পথে রয়েছে। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবন আল-রেজা বলেছেন, প্রতিপক্ষের প্রতিটি হুমকিকেই তারা গুরুত্বের সাথে বিবেচনা করেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।
ইরানের সঙ্গে যুদ্ধ এড়িয়ে আলোচনার পথে হাঁটার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বড় ধরনের সামরিক হামলা স্থগিতের পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে। শুরু হচ্ছে নতুন দফার আলোচনা।



0 মন্তব্যসমূহ