ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ রোববার সকাল ৯টার দিকে তিনি নৌকায় চড়ে এই বিখ্যাত হাটটি পরিদর্শন করেন। এ সময় তিনি পেয়ারা কেনাবেচা, পরিবহন ব্যবস্থা এবং স্থানীয় কৃষকদের কর্মব্যস্ততা প্রত্যক্ষ করেন।
ভীমরুলীর ভাসমান হাটে পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন ফুল দিয়ে রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ছোট নৌকায় করে হাটের বিভিন্ন অংশ পরিদর্শন করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি কেবল কেনাবেচাই দেখেননি, বরং এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও পেয়ারা বাগানের মনোরম পরিবেশও উপভোগ করেছেন।
পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ভীমরুলীর বিখ্যাত পেয়ারার স্বাদ গ্রহণ করেন। হাটে কিছুক্ষণ সময় কাটানোর পর তিনি ট্রলারে করে পিরোজপুরের আটঘর কুড়িয়ানার উদ্দেশ্যে রওনা হন। এ সফরে তার সঙ্গে মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিজের অভিজ্ঞতা জানিয়ে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, এখানকার ভ্রমণ তার কাছে অত্যন্ত আনন্দদায়ক ছিল। বিশেষ করে সবুজে ঘেরা এই মনোরম পরিবেশ তাকে মুগ্ধ করেছে।
ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার সকালে নৌকায় চড়ে হাটের কেনাবেচা দেখার পাশাপাশি স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি।



0 মন্তব্যসমূহ