দেশের শিক্ষার্থীদের জন্য জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরসহ সব জাদুঘর উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।
উপদেষ্টা জানান, জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের একটি দিন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় স্কুলের ওপরের শ্রেণির শিক্ষার্থীদের এই জাদুঘর ঘুরিয়ে দেখানো হবে। শিক্ষার্থীদের জন্য এই পরিদর্শন ব্যবস্থা পুরোপুরি বিনামূল্যে থাকবে বলে তিনি নিশ্চিত করেন। এই কার্যক্রম শুধু সরকারি স্কুলের মধ্যে সীমাবদ্ধ না রেখে পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এর আওতায় আনা হবে।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, কেবল এই জাদুঘরই নয়, জাতীয় জাদুঘরসহ ঢাকার ভেতরে ও বাইরের অন্যান্য জাদুঘরগুলোতেও শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে থাকা জাদুঘরগুলোও এই উদ্যোগের অন্তর্ভুক্ত থাকবে। শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা দিতে এবং তাদের জাদুঘরমুখী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর পরিদর্শনের সুযোগ দিচ্ছে সরকার। উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, পর্যায়ক্রমে দেশের সব জাদুঘর এই উদ্যোগের আওতায় আসবে।



0 মন্তব্যসমূহ