নোয়াখালীর বেগমগঞ্জে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের ওবায়দুলের চায়ের দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি নেতা কাশেম প্রাণে বেঁচে গেলেও তাকে রক্ষা করতে গিয়ে তার ঘনিষ্ঠ সহযোগী ইয়াছিন সেন্টু গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাজী আবুল কাশেম রাজনীতির পাশাপাশি চৌমুহনী বাজারের নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার রাতে তিনি হকার্স মার্কেটের অফিস থেকে বের হয়ে সহযোগী ইয়াছিন সেন্টুকে নিয়ে হাঁটছিলেন। ওবায়দুলের চায়ের দোকানের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সেন্টু তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে কাশেমের হাতে গুলির আঁচড় লাগে এবং সেন্টুর বুকের বাম পাশে গুলি লাগে।
গুলিবিদ্ধ ইয়াছিন সেন্টু চৌমুহনী হকার্স মার্কেটের একজন ফার্মেসি ব্যবসায়ী। ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, দুর্বৃত্তদের গুলিতে একজন আহত হয়েছেন এবং পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ ন ম ইমরান খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিএনপি নেতা কাশেমই হামলার লক্ষ্য ছিলেন, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিটি তার সহযোগীর বুকে লাগে।
নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি নেতা হাজী আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন সহযোগী ইয়াছিন সেন্টু। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।



0 মন্তব্যসমূহ