৮ম এনটিআরসিএ’র প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দ্রুত মৌখিক পরীক্ষা গ্রহণ এবং চূড়ান্ত নিয়োগের দাবিতে রাজপথে নেমেছেন। ১ আগস্ট ২০২৬, শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘৮ম এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান ভাইভা প্রত্যাশী শিক্ষক সমাজ’-এর ব্যানারে এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মো: রেজাউল করিমের সঞ্চালনা ও পরিচালনায় উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন ড. মো. এমদাদুল ইসলাম, মো. তারিকুল ইসলাম, মল্লিক আছাদুর রহমান, মোল্লা শহিদুল ইসলাম, ড. মো. শহিদুল ইসলাম, ড. মো. আলমগীর হোসেন, মো. রুহুল আমীন, মো. নজরুল ইসলাম, ফৌজিয়া খানম অশ্রু, মো. হুমায়ুন কবির, মো. কামরুল আহসান এবং মো. নওশাদ আলমসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, ২০২৬ সালের ১৮ এপ্রিল এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ২২ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়, যাতে প্রায় ৩১ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পরীক্ষা সম্পন্ন হলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও ভাইভা পরীক্ষার কোনো সময়সূচি ঘোষণা করা হয়নি। এর ফলে হাজারো যোগ্য প্রার্থী বর্তমানে চরম মানসিক ও পেশাগত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
আন্দোলনকারীরা জানান, গত ২৮ জুলাই দেশের সকল জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপদেষ্টা বরাবর দ্রুত ভাইভা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বর্তমানে দেশের ১২ হাজার ৯৫১টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের পদ শূন্য থাকায় শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ সম্পন্ন হলে শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন। মানববন্ধনে প্রার্থীরা অবিলম্বে ভাইভার সময়সূচি ঘোষণা এবং নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
৮ম এনটিআরসিএ’র প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে দ্রুত ভাইভা ও নিয়োগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন প্রার্থীরা। শূন্য পদ পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।



0 মন্তব্যসমূহ