দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ নেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
শপথ গ্রহণ শেষে প্রচলিত নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি শপথ বইয়ে স্বাক্ষর করেন এবং নির্ধারিত আসনে আসীন হন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পদের দায়িত্বভার গ্রহণ করলেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছিলেন ৮৮ ভোট। উল্লেখ্য, গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন।
রাষ্ট্রপতির শপথের পর বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথ নেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার প্রাক্কালে মন্ত্রিসভার পরিধি বাড়ানো হচ্ছে। নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ড. আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী, মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং হুমায়ুন কবির। এছাড়া পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রী হচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করাবেন।
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়ান। একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার আকারও বাড়ছে।



0 মন্তব্যসমূহ