বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর এবং প্রয়োজনে ওয়াদার চেয়ে তিনগুণ বেশি কাজ করার চেষ্টা করবেন। শুক্রবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নবনির্মিত উপজেলা অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বকশীগঞ্জের লাউচাপড়া বিনোদন কেন্দ্রকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে প্রয়োজনীয় বরাদ্দ অনুমোদন করা হয়েছে এবং আগামী বছর থেকেই এর উন্নয়ন কাজ শুরু হবে। এছাড়া বাট্টাজোড় ইউনিয়নের কুড়িবিল এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত খাল খনন এবং আগামী দুই মাসের মধ্যে প্রতিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নের ঘোষণা দেন তিনি।
জনগণের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, শিশুদের স্কুলমুখী করতে মিড-ডে মিল চালু এবং শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য তালিকা তৈরির কাজ চলছে। এছাড়া ইমাম ও খাদেমদের সম্মানী ভাতা প্রদানের পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে সরকারের। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ৫৮টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ অনুদানের চেক এবং ১৫০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রীও প্রদান করা হয়।
জামালপুরের বকশীগঞ্জে নবনির্মিত অডিটোরিয়াম উদ্বোধনকালে পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জনগণের প্রতিশ্রুতি পূরণে তিনগুণ বেশি কাজ করার অঙ্গীকার করেছেন। একইসাথে তিনি অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন।



0 মন্তব্যসমূহ