সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। শুক্রবার দুপুরে শহরের বাইপাস সড়ক এলাকায় সংগঠনটির একাংশের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ছাত্রলীগ নেতা মৃণাল মন্ডলের নেতৃত্বে নেতাকর্মীরা হঠাৎ একত্রিত হয়ে মিছিলটি বের করেন। মিছিলে ১৫ আগস্ট এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন সংক্রান্ত বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তবে মিছিলটি কিছু দূর অগ্রসর হওয়ার পর দ্রুত শেষ হয়ে যায়। এই বিষয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে তিনি আগে থেকে অবগত ছিলেন না। তবে ইতোমধ্যে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, মিছিলের ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে সাতক্ষীরা বাইপাস সড়কসহ পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।
সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।



0 মন্তব্যসমূহ