Recents in Beach

ব্রেকিং নিউজ

পটিয়ায় কলা চুরির অভিযোগে মারামারিতে অ্যাডভোকেট ক্লার্কস সমিতির সাধারণ সম্পাদকের মৃত্যু

পটিয়ায় কলা চুরির অভিযোগে মারামারিতে অ্যাডভোকেট ক্লার্কস সমিতির সাধারণ সম্পাদকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে মারধরের ঘটনায় মোহাম্মদ তোহা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের মোনাফ হাজীর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ তোহা ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে এবং পটিয়া ‘অ্যাডভোকেট ক্লার্কস’ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ তোহার বাড়ির গাছ থেকে কলা চুরি হওয়ার ঘটনায় তিনি প্রতিবেশী এজাহার মিয়ার পরিবারের সদস্যদের সন্দেহ করেন। রাতে চুরির বিষয়ে জানতে তিনি এজাহার মিয়ার বাড়িতে যান এবং প্রতিবেশী আনোয়ার হোসেনকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কিল-ঘুষি ও টর্চলাইটের আঘাতে তোহা গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক মহিউদ্দিন তাকে উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক উল্লাহ জানান, কলা চুরির ঘটনা নিয়ে বাগবিতণ্ডার জেরে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের ভগ্নিপতি মোহাম্মদ সুমন দাবি করেন, কলা চুরির ঘটনার প্রত্যক্ষদর্শী রয়েছে।

এদিকে ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত আনোয়ার হোসেনকে (২৯) আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ঘটনার পর থেকে এজাহার মিয়ার পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন।

সংক্ষেপে:
চট্টগ্রামের পটিয়ায় কলা চুরির অভিযোগ নিয়ে বাগবিতণ্ডার জেরে মারধরে মোহাম্মদ তোহা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
পটিয়ায় কলা চুরির অভিযোগে মারামারিতে অ্যাডভোকেট ক্লার্কস সমিতির সাধারণ সম্পাদকের মৃত্যু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ