ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নিয়োগের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী এই প্রতিবাদ জানান এবং সরকারের এই সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার আহ্বান জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। হেফাজতে ইসলামের দাবি, দেশের আলেম-উলামা ও ধর্মপ্রাণ জনতা এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, শামীম কায়সার লিংকন প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনার বিরোধী মতাদর্শ পোষণ করেন।
হেফাজতে ইসলাম মনে করে, ধর্ম মন্ত্রণালয় একটি অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত ক্ষেত্র। এই মন্ত্রণালয়ের দায়িত্ব এমন একজনের হাতে থাকা উচিত যিনি ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং আলেম সমাজের কাছে গ্রহণযোগ্য। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, কওমি আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষের পরামর্শ উপেক্ষা করে এমন বিতর্কিত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে সরকারের সঙ্গে উলামায়ে কেরামের আস্থায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সংগঠনটি অবিলম্বে শামীম কায়সার লিংকনের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে। একই সঙ্গে আলেম-উলামাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একজন যোগ্য, অভিজ্ঞ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনটি এই নিয়োগকে বিতর্কিত আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।



0 মন্তব্যসমূহ