চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৯ জানুয়ারি থেকে শুরু হয়ে এই ভর্তি পরীক্ষা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হবে। এরপর ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া উপ-ইউনিটগুলোর মধ্যে ৩ ফেব্রুয়ারি ‘বি-১’, ৪ ফেব্রুয়ারি ‘বি-২’ এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গত বছরের ধারাবাহিকতায় এবারও ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তবে ‘বি-১’, ‘বি-২’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষাগুলো শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন জানান, ভর্তি কমিটির প্রথম সভায় এই সম্ভাব্য তারিখগুলো নির্ধারণ করা হয়েছে এবং এখন পর্যন্ত অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৯ জানুয়ারি শুরু হবে। ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।



0 মন্তব্যসমূহ