কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে কক্সবাজার বাস টার্মিনালে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন কর্মসূচির সূচনা করেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান। এরপর জেলা পুলিশ সুপারসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান।
প্রশাসনের পাশাপাশি কক্সবাজার জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স এবং জুলাইযোদ্ধারাও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল মান্নান।
গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে বিশেষ আলোচনা সভা, মসজিদ ও মন্দিরে দোয়া ও প্রার্থনা এবং জুলাইযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান। জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য হলো শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো এবং জুলাই আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া।
কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক আব্দুল মান্নানসহ প্রশাসনের কর্মকর্তা ও জুলাইযোদ্ধারা। দিবসটি ঘিরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে।



0 মন্তব্যসমূহ