ইতালির ছেলেদের জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নিতে রাজি হয়েছেন দেশটির কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো। ইতালিয়ান সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। মূলত পেপ গার্দিওলা ও কার্লো আনচেলত্তি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর পিরলোর দিকে ঝুঁকেছে ইতালি ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।
সংবাদমাধ্যম ‘লা গাজেত্তা দেয়ো স্পোর্ত’ জানিয়েছে, গার্দিওলা রাজি না হওয়ার পর পিরলোর সঙ্গে যোগাযোগ করেন এফআইজিসির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি ও বিশেষ উপদেষ্টা লিওনার্দো। ২০০৬ বিশ্বকাপজয়ী এই তারকা জাতীয় দলের দায়িত্ব নিতে সম্মতি জানিয়েছেন। একই খবর প্রকাশ করেছে ‘কোরিয়ে দেয়ো স্পোর্ত’ও।
গত বৃহস্পতিবার সিরি ‘আ’র এক বৈঠকে মালদিনি ও লিওনার্দো তাদের পরিকল্পনার কথা জানান। তারা এমন একজনকে কোচ হিসেবে চেয়েছিলেন যার সঙ্গে তাদের ফুটবল দর্শনের মিল রয়েছে। ৪৭ বছর বয়সী পিরলোর আধুনিক ফুটবলের প্রতি অনুরাগ এবং ইতালিয়ান ফুটবল সম্পর্কে গভীর জ্ঞান তাকে এই পদের জন্য যোগ্য করে তুলেছে। যদিও তার কোচিং ক্যারিয়ার আনচেলত্তি বা গার্দিওলার মতো সমৃদ্ধ নয়, তবে মালদিনি তার মধ্যে অসাধারণ দূরদর্শিতা লক্ষ্য করেছেন।
বর্তমানে দুবাই ইউনাইটেডের দায়িত্বে থাকা পিরলো এর আগে জুভেন্টাসের কোচ হিসেবে এক মৌসুম কাজ করেছেন। ইতালির ফুটবল কর্তৃপক্ষ মনে করছে, আন্তোনিও কন্তে বা রবার্তো মানচিনির মতো মেজাজি কোচের চেয়ে পিরলোর মতো তরুণ ও আধুনিক চিন্তার কেউ দলের পুনর্জন্মের জন্য বেশি উপযোগী। উল্লেখ্য, ইতালি গত তিনটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।
এফআইজিসি সভাপতি মালাগো ড্রেসিংরুম সামলানোর দায়িত্ব মালদিনি ও লিওনার্দোর ওপর ছেড়ে দিয়েছেন। আগামী মঙ্গলবার ফেডারেল কাউন্সিলের বৈঠকের পর পিরলোর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার বার্ষিক বেতন হতে পারে প্রায় ১৫ লাখ ইউরো।
ইতালির জাতীয় ফুটবল দলের কোচ হতে রাজি হয়েছেন কিংবদন্তি আন্দ্রেয়া পিরলো। গার্দিওলা ও আনচেলত্তি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর পিরলোর ওপরই আস্থা রাখছে ইতালি ফুটবল ফেডারেশন।



0 মন্তব্যসমূহ