নয় মাসের দীর্ঘ মিশন সম্পন্ন করে মধ্যপ্রাচ্য ত্যাগ করতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। প্রায় ৫ হাজার নাবিক নিয়ে জাহাজটি গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর উদ্দেশ্যে রওনা হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ২১ নভেম্বর যাত্রা শুরুর পর থেকে রণতরীটি সমুদ্রে প্রায় ২৭২ দিন অতিবাহিত করেছে।
মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অংশ হিসেবে এই দীর্ঘ সময় মোতায়েন ছিল আব্রাহাম লিংকন। দীর্ঘ এই যাত্রাপথে জাহাজটি মাত্র দুইবার বিরতি নিয়েছিল। বর্তমানে জাহাজটিকে সান দিয়েগো পৌঁছাতে আরও প্রায় ১৩ হাজার মাইল পথ পাড়ি দিতে হবে, যা সম্পন্ন করতে চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে। আব্রাহাম লিংকনের পরিবর্তে এখন মধ্যপ্রাচ্যের দায়িত্ব বুঝে নিয়েছে জাপান থেকে আসা অপর মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন।
দীর্ঘদিন সমুদ্রে অবস্থানের কারণে আব্রাহাম লিংকনের নাবিকদের জীবনযাত্রার মান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। মার্কিন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা জানিয়েছেন, জাহাজটিতে প্রয়োজনীয় সরঞ্জামের অভাব, পানিদূষণ এবং প্লাম্বিং সমস্যার পাশাপাশি নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটেছে। বাহরাইনের মানামায় একটি গুরুত্বপূর্ণ মার্কিন নৌঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ সংকটের কারণে এই সমস্যাগুলো প্রকট হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই সমস্যাগুলোকে পুরনো বিষয় বলে অভিহিত করেছেন।
এদিকে, ইউএস সেন্ট্রাল কমান্ডের অধীনে কার্যক্রম শুরু করতে বুধবারই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ইউএসএস জর্জ ওয়াশিংটন। বর্তমানে পারস্য উপসাগরের বাইরে মধ্যপ্রাচ্যে প্রায় ২০টি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এর মধ্যে দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ও কয়েকটি ডেস্ট্রয়ার রয়েছে, যারা মূলত ইরানের ওপর আরোপিত অবরোধ কার্যকরে দায়িত্ব পালন করছে বলে জানা গেছে।
নয় মাসের দীর্ঘ মিশন শেষে মধ্যপ্রাচ্য ছাড়ছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। ৫ হাজার নাবিক নিয়ে জাহাজটি এখন সান দিয়েগোর পথে। এর স্থলাভিষিক্ত হয়েছে অপর মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন।



0 মন্তব্যসমূহ