মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ঘনিষ্ঠতম ও জরুরি বন্ধু এবং মিত্র হিসেবে অভিহিত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে আয়োজিত এক আন্তঃধর্মীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত প্রয়োজন। আর এই স্থিতিশীলতা বজায় রাখার মূল ভিত্তি হলো বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যকার পারস্পরিক সম্প্রীতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তিনি তার বক্তব্যে বলেন, এই অঞ্চলের মানুষ দীর্ঘকাল ধরে বিভিন্ন ধর্মের অনুসারীদের সাথে মিলেমিশে বসবাস করছেন। এই ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির চর্চা আজকের সংলাপের মাধ্যমে পুনরায় প্রতিফলিত হয়েছে। তথ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বড় বাজার এবং রেমিট্যান্স আয়ের অন্যতম প্রধান উৎস হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটি বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য একটি অপরিহার্য বন্ধু রাষ্ট্র। ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংলাপে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা অংশ নেন। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, বশির আহম্মেদ পান্না, ধর্মীয় নেতা মাওলানা আসাদুজ্জামান, যতীন্দ্রনাথ মিস্ত্রী এবং ফাদার মাইকেল দেউরি। সংলাপ শেষে মন্ত্রী তার বাসভবনে রাষ্ট্রদূতের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ঘনিষ্ঠতম ও জরুরি মিত্র হিসেবে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বরিশালে এক আন্তঃধর্মীয় সংলাপে তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে সামাজিক স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরেন।



0 মন্তব্যসমূহ