বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি। বুধবার কাতারের রাজধানী দোহায় তার কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রতিশ্রুতি দেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের নেতাদের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় তিনি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কাতারের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। অন্যদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান কাতারের প্রধানমন্ত্রী এবং তার দায়িত্ব সফলভাবে পালনের জন্য কাতারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনাকালে কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিত করতে পাশে থাকার আশ্বাস দেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গেও বৈঠক করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। উক্ত আলোচনা সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। দোহায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।



0 মন্তব্যসমূহ