যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের সান রাফায়েল উপত্যকার লোকিয়েল শহরে মেক্সিকো সীমান্ত ঘেঁষে ৩০ ফুট উঁচু প্রাচীর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্পের কারণে প্রায় ২০০ বছরের পুরনো একটি বিশাল কটনউড গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ও পরিবেশবাদীরা তীব্র বিক্ষোভ শুরু করেছেন।
বিক্ষোভকারীরা গাছটিকে ঘিরে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছেন। এমনকি পালাক্রমে গাছের ওপর উঠে ব্যানার প্রদর্শন করছেন তারা। স্থানীয়দের মতে, এই গাছটি তাদের কাছে ‘স্ট্যাচু অব লিবার্টির’ মতোই ঐতিহ্যের প্রতীক। গত ২৭ জুলাই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ওই এলাকায় আরও তিনটি বড় কটনউড গাছ কেটে ফেলে। এরপর থেকেই আন্দোলন আরও বেগবান হয়। বর্তমানে সেখানে থাকা সর্বশেষ বড় গাছটি রক্ষার চেষ্টা চালাচ্ছেন আন্দোলনকারীরা।
পরিবেশবাদী সংগঠন ম্যাড্রিয়ান আর্কিপেলাগো ওয়াইল্ডলাইফ সেন্টারের প্রতিষ্ঠাতা কেট স্কট এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানান, কটনউড গাছ স্থানীয় বাস্তুসংস্থান ও সৌন্দর্যের অবিচ্ছেদ্য অংশ। এটি ধ্বংস করা মানে প্রকৃতির ওপর বড় ধরনের আঘাত। এছাড়া ৩০ ফুট উঁচু এই দেয়াল নির্মাণের ফলে ওই অঞ্চলে বসবাসরত ভালুক ও শজারুসহ বিভিন্ন বন্যপ্রাণীর অবাধ চলাচলেও বাধা সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা। তারা বর্তমানে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাছে এই গাছটি রক্ষার জোর দাবি জানাচ্ছেন।
মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য ২০০ বছরের পুরনো কটনউড গাছ কাটার প্রতিবাদে সরব অ্যারিজোনার বাসিন্দারা। পরিবেশ রক্ষায় তারা গাছের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।



0 মন্তব্যসমূহ