রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কয়েকজন সদস্য ও কর্মচারীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অনিয়ম এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার রিশিকুল ইউনিয়ন পরিষদের সামনে মান্ডইল এলাকায় এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভে অংশ নেওয়া শতাধিক নারী-পুরুষ খাল খননসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগ এনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপসারণ, প্রশাসক নিয়োগ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান। স্থানীয়দের অভিযোগ, প্রধান উপদেষ্টার বিশেষ বরাদ্দে প্রায় দেড় কিলোমিটার খাল খননের জন্য ৩৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও মাত্র ৮ থেকে ১০ লাখ টাকার নামমাত্র কাজ করে বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান টিটু পরিষদের কয়েকজন সদস্য ও কর্মচারীর সঙ্গে যোগসাজশ করে ড্রেন, কালভার্ট, টিআর, কাবিখা ও কাবিটাসহ বিভিন্ন প্রকল্পের অর্থ কাজ না করেই উত্তোলন করেছেন। এছাড়া প্রতিবন্ধী ও বয়স্ক ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ক্ষেত্রেও অনিয়ম এবং সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ তোলা হয়। আন্দোলনকারীরা সাবেক ও বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকাও তদন্তের আওতায় আনার দাবি জানান। তবে রিশিকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান টিটু সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অনিয়ম বা অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহীর গোদাগাড়ীতে রিশিকুল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয়রা। খাল খননসহ বিভিন্ন প্রকল্পে অনিয়মের তদন্ত ও চেয়ারম্যানের অপসারণ দাবি করা হয়েছে।



0 মন্তব্যসমূহ