Recents in Beach

ব্রেকিং নিউজ

শ্রাবণসন্ধ্যায় বাঁশির সুরের মায়াজালে শ্রোতাদের ভাসালেন প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম

শ্রাবণসন্ধ্যায় বাঁশির সুরের মায়াজালে শ্রোতাদের ভাসালেন প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক মনোজ্ঞ বাঁশি সন্ধ্যার আয়োজন করা হয়। গত শুক্রবার শ্রাবণসন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে বাঁশির সুরের জাদুতে শ্রোতাদের বিমোহিত করেন উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এরপর ওস্তাদ আজিজুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ।

সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক কাজী রওনাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, সদস্য কাদের গনি চৌধুরী ও সৈয়দ আবদাল আহমদসহ ক্লাবের অন্যান্য সদস্য, তাদের পরিবারবর্গ এবং সংগীতানুরাগীরা। ওস্তাদ আজিজুল ইসলাম রাগ শ্যাম কল্যাণে সংক্ষিপ্ত আলাপের মাধ্যমে তার পরিবেশনা শুরু করেন। এরপর তিনি ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। পর্যায়ক্রমে তিনি রাগ হংসধ্বনি, রাগ জয়-জয়ন্তী, মিশ্র পিলু ও মিশ্র খাম্বাজের ধুনসহ বেশ কিছু রাগ পরিবেশন করেন। সবশেষে দরবারি কানাড়া ও চারুকেশি রাগের বাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাঁশির এই অপূর্ব সুর ও মূর্ছনায় মুগ্ধ শ্রোতারা এমন আয়োজনের জন্য ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ওস্তাদ আজিজুল ইসলামের হাতে জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাব সভাপতি, সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা।

সংক্ষেপে:
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বাঁশি সন্ধ্যায় সুরের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করলেন ওস্তাদ আজিজুল ইসলাম। শ্রাবণসন্ধ্যায় বিভিন্ন রাগের মূর্ছনায় এক অনন্য পরিবেশনা উপভোগ করেন উপস্থিত সংগীতানুরাগীরা।
শ্রাবণসন্ধ্যায় বাঁশির সুরের মায়াজালে শ্রোতাদের ভাসালেন প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ