বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচির সম্ভাব্যতা যাচাই, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ জনবল তৈরিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স। সোমবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যা-মার্ক সেরে-শার্লে এই আগ্রহের কথা জানান। বৈঠকে দুই দেশের মধ্যে ডিজিটাল প্রযুক্তি, বিজ্ঞান, উদ্ভাবন এবং টেলিযোগাযোগ খাতের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, ভূমি ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষায় আর্থ অবজারভেশন স্যাটেলাইট অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। সরকার বর্তমানে দেশের প্রয়োজন বিবেচনায় এ ধরনের একটি স্যাটেলাইট স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে এবং আন্তর্জাতিক অংশীদারিত্বকে গুরুত্ব দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, স্যাটেলাইট প্রযুক্তিতে ফ্রান্সের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের এই খাতে নতুন মাত্রা যোগ করবে।
ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যা-মার্ক সেরে-শার্লে জানান, নগর পরিকল্পনা, সীমান্ত নিরাপত্তা ও সামুদ্রিক নজরদারিতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার পাশাপাশি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেও আগ্রহ ব্যক্ত করেন। উভয় পক্ষ বিদ্যমান বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক অংশীদারিত্বকে আরও উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
উক্ত সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, বাংলাদেশে এয়ারবাসের প্রধান প্রতিনিধি রাফায়েল গোমেজ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে প্রযুক্তিগত সহায়তা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে ফ্রান্স। সচিবালয়ে মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বৈঠকে এই আগ্রহ জানান ফরাসি রাষ্ট্রদূত।



0 মন্তব্যসমূহ