সিলেটের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র হজরত শাহজালাল (রহ.) মাজারে জমা হওয়া দানের অর্থ দ্বিতীয় দফায় গণনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে এই গণনা কার্যক্রম অনুষ্ঠিত হবে। মাজারের আর্থিক ব্যবস্থাপনা তদারকিতে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গণনা কার্যক্রমের সার্বিক প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার বিকেল ৪টায় কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১২ জুন তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলম মাজার পরিদর্শনকালে আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের ঘোষণা দেন। সেই ধারাবাহিকতায় ১৮ জুন মাজারে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয় এবং দীর্ঘদিনের ঐতিহ্যবাহী তিনটি দানের ডেক ও একটি দানবাক্স সিলগালা করা হয়। পরবর্তীতে ২২ জুন প্রায় সাত শতকের প্রচলিত রীতি ভেঙে ঐতিহাসিক দানের ডেক ও দানবাক্সগুলো খোলা হয়েছিল। সেদিন গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়, যা বর্তমানে সোনালী ব্যাংকে জেলা প্রশাসকের নামে খোলা একটি বিশেষ অ্যাকাউন্টে জমা রয়েছে।
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে গত ২৬ জুন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। এই কমিটিকে এক মাসের মধ্যে একটি আধুনিক ও কার্যকর আর্থিক কাঠামো প্রণয়নের সুপারিশ দিতে বলা হয়েছে। নতুন এই কমিটির তত্ত্বাবধানেই দ্বিতীয় দফার দান গণনা সম্পন্ন হবে এবং প্রাপ্ত অর্থ আগের মতোই নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা হবে।
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে দ্বিতীয় দফায় দানবাক্সের টাকা গণনা করা হবে আগামী শনিবার। স্বচ্ছতা নিশ্চিত করতে উচ্চপর্যায়ের কমিটির তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হবে।


0 মন্তব্যসমূহ