Recents in Beach

ব্রেকিং নিউজ

জাতীয় সংসদ চত্বরে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো হেফাজতে ইসলাম বাংলাদেশ

জাতীয় সংসদ চত্বরে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো হেফাজতে ইসলাম বাংলাদেশ

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাসের উদ্যোগে আয়োজিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের কড়া সমালোচনা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এই আয়োজনের বিরুদ্ধে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানায়। হেফাজতের প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারী স্বাক্ষরিত এই বিবৃতিতে হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, জাতীয় সংসদ ভবন কোনো সাধারণ বিনোদন কেন্দ্র কিংবা পার্ক নয়। এটি একটি স্বাধীন-সার্বভৌম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী পবিত্র স্থান এবং কোটি কোটি জনতার জাতীয় মর্যাদার প্রতীক। এই মর্যাদাপূর্ণ ভবনের চত্বরে গান-বাজনা ও পশ্চিমা সংস্কৃতির আদলে মিউজিক্যাল পারফরম্যান্স বসানো অত্যন্ত লজ্জাজনক এবং বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের ওপর চরম আঘাত। বিবৃতিতে আল্লামা শায়েখ সাজিদুর রহমান আরও উল্লেখ করেন, বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনকারী মার্কিন সাম্রাজ্যবাদকে খুশি করতে বাংলাদেশের হৃদপিণ্ডখ্যাত জাতীয় সংসদ প্রাঙ্গণকে অপসংস্কৃতির উর্বর ভূমিতে পরিণত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কতিপয় রাজনীতিকের পক্ষ থেকে এই আয়োজনকে গণতান্ত্রিক মূল্যবোধ কিংবা সাংস্কৃতিক মেলবন্ধন বলে জাস্টিফাই করার চেষ্টাকে এদেশের মানুষের ধর্মীয় চেতনা ও দেশপ্রেমের অবমূল্যায়ন হিসেবে অভিহিত করেন তিনি। হেফাজত মহাসচিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশ কোনো পরাশক্তির দাসত্ব করার জন্য স্বাধীন হয়নি। বন্ধুত্বের ছদ্মবেশে কোনো ভিনদেশি এজেন্ডা বা পশ্চিমা অপসংস্কৃতি জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চক্রান্ত রুখে দেওয়া হবে। একই সঙ্গে তিনি জাতীয় সংসদ ভবনের পবিত্রতা রক্ষায় ব্যর্থদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান। ভবিষ্যতে এ ধরনের জাতীয় মর্যাদা হানিকর আয়োজন থেকে বিরত থাকতে সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় দেশের তৌহিদি জনতা জাতীয় ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় রাজপথে নামতে বাধ্য হবে।

সংক্ষেপে:
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাসের উদ্যোগে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংসদ ভবনের পবিত্রতা রক্ষার দাবি জানিয়েছেন হেফাজত মহাসচিব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ