Recents in Beach

ব্রেকিং নিউজ

টাঙ্গাইলের মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ১১ দলীয় জোটের পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও বিক্ষোভ

টাঙ্গাইলের মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ১১ দলীয় জোটের পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও বিক্ষোভ

টাঙ্গাইলের মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য জোট। বুধবার সকালে গ্রাহক ফোরামের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বাওয়ারকুমারজানি এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ গ্রাহকরা। সকাল সাড়ে নয়টার দিকে মির্জাপুর বাইপাস এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর মহিবুর রহমান। বক্তারা অভিযোগ করেন, ভয়াবহ লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জনজীবন আজ বিপর্যস্ত। প্রচণ্ড গরমে জনভোগান্তি চরমে পৌঁছানোর পাশাপাশি শিল্প-কারখানার উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে মারাত্মক ক্ষতি হচ্ছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইয়াহ ইয়াহ খান মারুফ, সেক্রেটারি জেনারেল মুফতি আবুল কাশেম মৃধা, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা মনির হোসেন, খেলাফত মজলিসের সভাপতি আসাদুজ্জামান খান ছিটু এবং এনসিপির উপজেলা সদস্য সচিব লিটন হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত নেতা আল মাসুম কবীর আলমাস, জাহাঙ্গীর হোসেন, শাজাহান ও ওয়াজ উদ্দিন সিকদার। কর্মসূচি শেষে আন্দোলনকারীরা মির্জাপুর পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল কর্মকর্তা মো. মোকলেছুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। টাঙ্গাইল পল্লীবিদ্যুৎ সমিতি মির্জাপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোকলেছুর রহমান স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রাহকদের ভোগান্তির বিষয়ে তারা অবগত এবং পরিস্থিতি উন্নতির জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে স্মারকলিপি দিয়ে সভাস্থল ত্যাগ করেছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংক্ষেপে:
টাঙ্গাইলের মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও বিক্ষোভ করেছে ১১ দলীয় ঐক্য জোট। তিন দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ