বাংলাদেশে নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে চার দশক পূর্ণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটারএইড। এই মাইলফলক স্পর্শ উপলক্ষে সম্প্রতি একটি বিশেষ লোগো উন্মোচনের মাধ্যমে বছরব্যাপী উদ্যাপন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছে প্রতিষ্ঠানটি। ওয়াটারএইড বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ডা. খায়রুল ইসলাম, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, ওয়াটারএইড নেপালের কান্ট্রি ডিরেক্টর সুদর্শন নেওপানে এবং ওয়াটারএইড পাকিস্তানের কান্ট্রি ডিরেক্টর মুহাম্মদ জুনাইদ। এছাড়া বর্তমান ও সাবেক সহকর্মীসহ শুভানুধ্যায়ীরা ভার্চুয়ালি এই আয়োজনে যুক্ত হন।
গত ৪০ বছর ধরে সংস্থাটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। জলবায়ু-সহনশীল ওয়াশ সেবা প্রসার এবং জনবান্ধব নীতি প্রণয়নে সরকারকে সহযোগিতা করার ক্ষেত্রেও সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অংশীদারত্ব ও মানুষকেন্দ্রিক উদ্যোগকে ভিত্তি করে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানে ডা. খায়রুল ইসলাম বলেন, এই উদ্যাপন কৃতজ্ঞতা ও নতুন অঙ্গীকারের এক বিশেষ মুহূর্ত। তিনি আশা প্রকাশ করেন, ওয়াটারএইড বাংলাদেশ ভবিষ্যতে আরও অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ পরিবেশ গড়ার কাজ অব্যাহত রাখবে। কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান জানান, নারী, যুবক ও প্রতিবন্ধী ব্যক্তিসহ প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ ওয়াটারএইডের কাজকে আরও মানবিক ও প্রাসঙ্গিক করেছে। ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরজুড়ে বিভিন্ন সচেতনতামূলক ও সম্পৃক্ততামূলক কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশে নিরাপদ পানি ও স্যানিটেশন সেবায় ৪০ বছর পূর্ণ করল ওয়াটারএইড। লোগো উন্মোচনের মাধ্যমে শুরু হয়েছে বছরব্যাপী উদ্যাপন। প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় সংস্থাটি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।



0 মন্তব্যসমূহ