বাংলাদেশে বায়ুদূষণের প্রভাবে প্রতিবছর প্রায় ২ লাখ ৮০ হাজার ৬০০ কোটি টাকা বা ২৩ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এই ক্ষতির পরিমাণ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৫ শতাংশ। একই সঙ্গে দূষণের কারণে দেশে প্রতিবছর প্রায় ৮৮ হাজার ২৪০ জন মানুষ অকালমৃত্যুর শিকার হচ্ছেন, যার অর্থ প্রতিদিন গড়ে ২৪২ জন প্রাণ হারাচ্ছেন। বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণার এই ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের ‘ক্লাইমেট চেঞ্জ, এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ রিসার্চ (সি–টু–এএইচআর)’ ইউনিটের এই গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিক সাময়িকী ‘পলিউশন’-এ প্রকাশিত হয়েছে।
গবেষণাদলের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন জানান, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল—এই ছয়টি বড় শহরের বায়ুদূষণের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করে এই ফলাফল পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণজনিত অকালমৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি ৩৭ হাজার ৫১৯ জন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগে ৮ হাজার ৩৪৪ জন এবং ফুসফুসের ক্যানসারে ৮১১ জনের মৃত্যু হয়েছে।
শহরভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি অকালমৃত্যু হচ্ছে রাজধানী ঢাকায়, যেখানে বছরে ৬৮ হাজার ৭০৩ জন প্রাণ হারাচ্ছেন। চট্টগ্রামে এই সংখ্যা ১১ হাজার ২০২ জন। এছাড়া রাজশাহীতে ২ হাজার ৮২৭, খুলনায় ২ হাজার ৬২৫, সিলেটে ১ হাজার ৪৮৮ এবং বরিশালে ১ হাজার ৩৯৫ জনের অকালমৃত্যু হচ্ছে। ২০১৩ থেকে ২০২১ সালের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এই ছয়টি শহরেই বায়ুদূষণজনিত মৃত্যুর প্রবণতা ধারাবাহিকভাবে বাড়ছে।
সহযোগী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন বলেন, বায়ুদূষণ শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য একটি বড় সংকট। এটি নীতিনির্ধারকদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। গবেষকরা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ুর গুণগত মান সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করা গেলে এই প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির বড় অংশ এড়ানো সম্ভব। এ জন্য পিএম২.৫ নির্গমন কমানো এবং নগরাঞ্চলে সমন্বিত বায়ুমান ব্যবস্থাপনা জোরদারের সুপারিশ করা হয়েছে।
বাংলাদেশে বায়ুদূষণের কারণে বছরে প্রায় ২ লাখ ৮০ হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। গবেষণায় দেখা গেছে, দূষণের প্রভাবে প্রতিবছর অকালমৃত্যু হচ্ছে ৮৮ হাজার মানুষের। জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত পদক্ষেপ প্রয়োজন।



0 মন্তব্যসমূহ