পাবনার বেড়া উপজেলার ঢালারচরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ফুটবল বিশ্বকাপের আনন্দ ছড়িয়ে দিতে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানকে সামনে রেখে বিকে ফাউন্ডেশনের সহযোগিতায় গত ৩ জুলাই এই ম্যাচটি আয়োজন করে দয়ালনগর বন্ধুসভা। যমুনা নদীর বালুচরে আয়োজিত এই খেলায় চরের শিশুরা ‘স্বপ্নগ্রাম ব্রাজিল’ ও ‘স্বপ্নগ্রাম আর্জেন্টিনা’ নামে দুটি দলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে।
ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ বাতেন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলা প্যাডের প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ। স্থানীয় তরুণ ফুটবলারদের নিয়ে গঠিত ‘স্বপ্নগ্রাম চর বয়েজ’ দলের সদস্যরা এই ম্যাচে অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়। খেলা শেষে বিকে ফাউন্ডেশন ও দয়ালনগর বন্ধুসভা চর সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে।
দয়ালনগর বন্ধুসভার উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবু সায়েম প্রামাণিক বলেন, চরের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ফুটবল বিশ্বকাপের আমেজ পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই শিশুরাই ভবিষ্যতে বড় খেলোয়াড় হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমফোর্ট ফুড প্যান্ট অ্যাগ্রোর ব্যবস্থাপনা পরিচালক জুলহাস উদ্দিন বাবু, দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির সহসভাপতি তফিজ উদ্দিন খান এবং দয়ালনগর বন্ধুসভার আহ্বায়ক আকরাম হোসেন খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার টুটুল প্রামাণিক, সদস্যসচিব আনিছুর রহমান ফারুক, সদস্য সাইদুর রহমান খান, হাকিম, রবিউল, মেহেদী হাসান ও কাজি ইব্রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পুরো খেলার ধারাভাষ্য প্রদান করেন মেহেদী হাসান।
নদীভাঙন ও জীবন সংগ্রামের মাঝে বেড়ে ওঠা ঢালারচরের শিশুদের জন্য এই আয়োজন ছিল এক বিরল আনন্দের মুহূর্ত। যমুনা নদীর ভাঙনে বারবার ভিটেমাটি হারানো পরিবারগুলোর শিশুদের কাছে এই ফুটবল ম্যাচটি ছিল কয়েক ঘণ্টার জন্য সব দুঃখ ভুলে থাকার মাধ্যম। রাজু নামের এক খুদে ফুটবলার জানায়, প্রতিদিন বাবার সঙ্গে নদীতে মাছ ধরলেও এই ম্যাচে অংশ নিয়ে সে নিজেকে একজন চ্যাম্পিয়ন মনে করছে। নদীভাঙনের অনিশ্চিত ভবিষ্যতের মাঝেও এই ফুটবল ম্যাচ শিশুদের মনে নতুন আশার সঞ্চার করেছে।
পাবনার ঢালারচরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেছে দয়ালনগর বন্ধুসভা। নদীভাঙন ও জীবন সংগ্রামের মাঝে খুদে ফুটবলারদের এই আনন্দ আয়োজন ছিল দেখার মতো।



0 মন্তব্যসমূহ