ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি খেলাধুলা ও ক্রিকেট নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী জানান, ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক এবং উভয় দেশের রয়েছে অভিন্ন সংস্কৃতি ও স্বপ্ন। তিনি বলেন, বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা পুনরায় চালু হওয়া উভয় দেশের জনগণের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে। তিনি আরও উল্লেখ করেন যে, দুই দেশের জনগণের কল্যাণে একটি শক্তিশালী সম্পর্কের ভিত্তি গড়ে তুলতে তিনি কাজ করে যাচ্ছেন।
আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার জন্য বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ প্রসঙ্গে হাইকমিশনার বলেন, ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে ভারত সরকার অধীর আগ্রহে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় রয়েছে এবং নিকট ভবিষ্যতে এই সফর অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ক্রিকেট ও খেলাধুলা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় রয়েছে দিল্লি।



0 মন্তব্যসমূহ