কক্সবাজারের চকরিয়ায় জুলাই আন্দোলনের শহীদ আহসান হাবিবের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্দোলনের সহযোদ্ধারা। বুধবার বিকেলে উপজেলার ফাঁসিয়াখালীস্থ শহীদের নিজ বাড়িতে গিয়ে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন। এ সময় নেতৃবৃন্দ শহীদের কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। সাক্ষাৎকালে ‘জাস্টিস ফর জুলাই’ সংগঠনের পক্ষ থেকে শহীদ আহসান হাবিবের পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রামে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা শাখাওয়াত হোসেন, চকরিয়ায় আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা সায়েদ হাসান, মোবারক হোসেন জিহান ও শামসুল আলম সাঈদীসহ আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনে শহীদদের মহান আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই তাদের ত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে। এদিকে শহীদ আহসান হাবিবের মা আবেগাপ্লুত হয়ে তাঁর সন্তানের হত্যাকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি জানান। তিনি বলেন, তাঁর সন্তান দেশের মানুষের অধিকার ও ন্যায়ের জন্য জীবন দিয়েছে, তাই তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান। সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ শহীদ পরিবারের পাশে থাকার এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
চকরিয়ার শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে দাঁড়ালেন জুলাই আন্দোলনের যোদ্ধারা। তারা শহীদের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।



0 মন্তব্যসমূহ