এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকায় পরীক্ষার্থীদের ওই অংশে পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৪তম দিনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। সংসদ সদস্য রুমিন ফারহানা শিক্ষার্থীদের আন্দোলনের মুখেও কেন পরীক্ষা পেছানো হয়নি তা জানতে চাইলে মন্ত্রী জানান, সারা দেশের সার্বিক পরিস্থিতি এবং স্থানীয় প্রশাসনের মতামতের ভিত্তিতেই যথাসময়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তিনি উল্লেখ করেন, বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা আগেই স্থগিত করা হয়েছিল এবং অন্যান্য জেলার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছিল। মন্ত্রী আরও জানান, পরীক্ষার দিন কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠে পানি জমে যাওয়ায় স্থানীয় প্রশাসনের সহায়তায় পরীক্ষার্থীদের নৌকায় করে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। প্রতিকূল পরিস্থিতির কারণে সেখানে এক ঘণ্টা বিলম্বে পরীক্ষা শুরু করে অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। পদার্থবিজ্ঞান বিষয়ের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি থাকায় শিক্ষার্থীদের পূর্ণ নম্বর বা ফুল ক্রেডিট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রী বলেন, প্রশ্ন মডারেশনের প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ায় বিগত সরকারের আমলের মডারেটরদের তৈরি প্রশ্নে এই ভুলগুলো থেকে গিয়েছিল।
এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
-6a563e9e221a0.webp)


0 মন্তব্যসমূহ