কানাডার অন্টারিও প্রদেশে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের ধোঁয়ায় দেশটির বৃহত্তম শহর টরন্টো এখন বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরে পরিণত হয়েছে। বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছানোয় সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের তালিকায় টরন্টো এখন শীর্ষে, যা কঙ্গোর কিনশাসা ও ভারতের নয়াদিল্লিকেও ছাড়িয়ে গেছে। কানাডার পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, টরন্টোর এয়ার কোয়ালিটি হেলথ ইনডেক্স (AQHI) ১০ অতিক্রম করেছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ।
দাবানলের এই ধোঁয়া কেবল কানাডায় সীমাবদ্ধ নেই; এটি যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য পেনসিলভানিয়া, নিউইয়র্ক, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, মেইন ও নিউ হ্যাম্পশায়ারেও ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার এবং কঠোর পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই ধোঁয়াশাচ্ছন্ন পরিস্থিতি সপ্তাহের শেষ পর্যন্ত স্থায়ী হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দাবানলের ধোঁয়ার পাশাপাশি অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা বায়ুদূষণকে আরও বাড়িয়ে তুলছে। বর্তমানে কানাডাজুড়ে ৮৩৫টি দাবানল সক্রিয় রয়েছে, যার মধ্যে ১১২টি এখনো নিয়ন্ত্রণের বাইরে। চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রায় ১৯ লাখ হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্টারিও, ম্যানিটোবা ও সাসকাচেওয়ান প্রদেশ।
এদিকে, অন্টারিওর আর্মস্ট্রং এলাকায় একটি ট্রেন আগুনের ঘেরাওয়ে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে ওই এলাকার বাসিন্দা ও রেলকর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং সাময়িকভাবে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামী রোববার নিউ জার্সিতে ফিফা বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। তবে বর্তমান ধোঁয়াশাচ্ছন্ন আবহাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় টরন্টো এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহর। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। বায়ুদূষণ ও দাবানল নিয়ে চরম উদ্বেগে বিশেষজ্ঞরা।



0 মন্তব্যসমূহ