Recents in Beach

ব্রেকিং নিউজ

চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরীর দুর্যোগ ঝুঁকি হ্রাস, দুর্যোগ ব্যবস্থাপনায় যুবসমাজের কার্যকর অংশগ্রহণ এবং Standing Orders on Disaster (SoD) অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে চট্টগ্রাম শিশু একাডেমিতে “Youth Led Dialogue with Disaster Management Committee on SoD & Youth Representation in Chattogram City Corporation” শীর্ষক একটি অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়।


ব্রাইট বাংলাদেশ ফোরাম (BBF)-এর আয়োজনে এবং ActionAid Bangladesh-এর সহযোগিতায় আয়োজিত এ সংলাপে সরকারি দপ্তর, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং Activista Chattogram-এর সদস্যরা অংশগ্রহণ করেন। সংলাপের মূল উদ্দেশ্য ছিল নগর দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামোয় যুবসমাজের অংশগ্রহণ বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুবদের অন্তর্ভুক্তি এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি ও সহনশীলতা জোরদার করা।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান। তিনি বলেন, দুর্যোগ প্রস্তুতি ও ব্যবস্থাপনায় তরুণদের সম্পৃক্ততা সময়ের দাবি। যুবসমাজের উদ্ভাবনী শক্তি, স্বেচ্ছাসেবী মনোভাব এবং নেতৃত্বের সক্ষমতা দুর্যোগ মোকাবিলাকে আরও কার্যকর ও টেকসই করতে পারে। তিনি সংশ্লিষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোতে যুব প্রতিনিধিত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্লাম এরিয়া ডেভেলপমেন্ট অফিসার মাইনুল হোসেন আলী চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রামের ইনচার্জ মো. জসিম উদ্দিন, সন্দ্বীপ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. তরিকুল ইসলাম, চট্টলার কণ্ঠ পত্রিকার সম্পাদক ও সিটিজেন জার্নালিস্ট ফোরামের সভাপতি কমল চক্রবর্তী, ব্রাইট বাংলাদেশ ফোরামের ব্যবস্থাপক রিদুয়ানুল হাকীম রিয়াদ, ActionAid Bangladesh-এর ইনস্পিরেটর মো. রোকনুজ্জামান রোকন এবং চট্টগ্রাম ইয়ুথ হাবের সাধারণ সম্পাদক সৈয়দ স্বাধীন।


বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, নগর ঝুঁকি, জলাবদ্ধতা, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড় এবং অন্যান্য দুর্যোগ মোকাবিলায় যুবসমাজকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে কার্যকর যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, যুব স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন, স্থানীয় পর্যায়ে সমন্বিত প্রস্তুতি গ্রহণ এবং যুববান্ধব নীতিগত উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া। তিনি বলেন, যুবদের অংশগ্রহণ ছাড়া একটি দুর্যোগ-সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক সমাজ গঠন সম্ভব নয়। স্থানীয় সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামোয় তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং যুব সংগঠনসমূহকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


অনুষ্ঠানটি সমন্বয় করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রোগ্রাম অফিসার বিষু চক্রবর্তী।


এছাড়া অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা ও কার্যক্রম পরিচালনা করেন Youth Voice for Change-এর সহ-প্রতিষ্ঠাতা (Co-Founder) এবং Chattogram Youth Hub-এর উপদেষ্টা (Advisor) মোহাম্মদ আবদুল আজিজ ও জয়া দাশ। তারা সংলাপের বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন এবং অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি, যুব নেতা ও অংশীজনদের মধ্যে ফলপ্রসূ আলোচনা ও মতবিনিময়ের পরিবেশ নিশ্চিত করেন।


সংলাপ শেষে অংশগ্রহণকারীরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, যুব নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাস কার্যক্রমে যুবদের সক্রিয় সম্পৃক্ততা এবং সংশ্লিষ্ট নীতিমালার কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


প্রেস বিজ্ঞপ্তি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ