চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় মোহাম্মদ ইউসুফ প্রকাশ খোকন নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার রাত নয়টার দিকে সীতাকুণ্ড পৌরসভার টেকনো ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ পৌরসভার উত্তর ইদিলপুর এলাকার মৃত ইব্রাহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কৃষক ইউসুফ মহাসড়কের পূর্ব পাশের একটি চায়ের দোকান থেকে বের হয়ে পশ্চিম পাশে যাওয়ার জন্য সড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি পিকআপ তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, মাথায় গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
নিহত ইউসুফের পরিবারে বৃদ্ধা মা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার উপার্জনেই পুরো পরিবার চলত। একমাত্র ছেলেকে হারিয়ে তার মা ও স্বজনদের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তাকে একজন অত্যন্ত সহজ-সরল মানুষ হিসেবে বর্ণনা করেছেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন জানানো হয়েছে। সেই প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় প্রাণ হারিয়েছেন কৃষক মোহাম্মদ ইউসুফ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার পরিবার। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।



0 মন্তব্যসমূহ