টানা কয়েক দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি বান্দরবানে কমতে শুরু করেছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে বৃষ্টিপাত না হওয়ায় জেলার নদ-নদীর পানি হ্রাস পেয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শহরের আর্মি পাড়া, শেরে বাংলা নগর, ইসলামপুর ও বালাঘাটাসহ নিচু এলাকাগুলো থেকে পানি নেমে গেলেও দুর্গতদের ভোগান্তি এখনো কাটেনি। দীর্ঘ সময় পানিবন্দী থাকার পর বাসিন্দারা এখন ঘরবাড়ি পরিষ্কারে ব্যস্ত। তবে বন্যার পানিতে আসবাবপত্র, খাদ্যশস্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছেন তারা। অনেক এলাকায় কাদা ও ময়লার স্তূপ জমে থাকায় জনদুর্ভোগ বেড়েছে। এছাড়া বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও জরুরি ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে সারা দেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ চলছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।
বান্দরবানে বন্যার পানি কমতে শুরু করলেও পানিবন্দী মানুষের দুর্ভোগ কমেনি। আসবাবপত্র ও খাদ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ত্রাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।



0 মন্তব্যসমূহ