সিরাজগঞ্জ শহরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেপ্তার হওয়া এক বিএনপি নেতাকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে হাজির করা হলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে বাদীর জিম্মায় জামিন প্রদানের আদেশ দেন।
গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলাম টনি (৪৪) সিরাজগঞ্জ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং শহরের শাহেদনগর ব্যাপারীপাড়া এলাকার সানোয়ার হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, গত সোমবার বিকেলে আশরাফুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার উস্কানিমূলক একটি পোস্ট দেন। এই ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে শহরের ধানবান্ধি জেসি রোড এলাকার বাসিন্দা মানিক সাহা বাদী হয়ে ওই রাতেই থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম টনিকে গ্রেপ্তার করে।
সিরাজগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) রওশন ইয়াজদানী জানান, মঙ্গলবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়। দুপুরে শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। এসময় মামলার বাদী মানিক সাহা আদালতে সশরীরে উপস্থিত ছিলেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে আসামিকে খোদ বাদীর জিম্মায় জামিন মঞ্জুর করেন।
ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দিয়ে সিরাজগঞ্জে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা আশরাফুল ইসলাম টনিকে জামিন দিয়েছে আদালত। মামলার বাদী মানিক সাহার জিম্মায় তাকে এই জামিন দেওয়া হয়।



0 মন্তব্যসমূহ