কক্সবাজারে টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ৮ জন এবং কক্সবাজার জেলা শহরে ১ জন মাটিচাপায় প্রাণ হারান। কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তার ঘোনা এলাকায় ভোর সাড়ে ৪টার দিকে পাহাড়ের অংশ ধসে আলী আকবর (৫০) নামে এক স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, পাহাড়ধসের ঘটনায় আলী আকবরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং তার পরিবারের আরও দুইজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হাশেম জানান, হঠাৎ বিকট শব্দে পাহাড়ের অংশ ঘরের ওপর পড়লে তারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন।
অন্যদিকে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রাত ৩টার দিকে পাহাড়ধসে চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন উম্মে হাবিবা (২৭), তানজিনা আক্তার (১৩), মোহাম্মদ রিহান (০৫) ও হারুনুর রশিদ (৩)। এর আগে রাত ১টা ৪৫ মিনিটে ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মাটিচাপায় একরাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয় বলে নিশ্চিত করেন ক্যাম্পের মাঝি এনায়েত উল্লাহ। এছাড়া ১৫ নম্বর জামতলী ক্যাম্পে পাহাড়ধসে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ কামাল হোসাইন (৪৪), তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) ও তাদের চার বছর বয়সী পুত্র মোহাম্মদ আনাস।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, রাতভর উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, পাহাড়ধসের ঝুঁকি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত মাইকিং করে সতর্ক করা হচ্ছে। কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই পরিস্থিতি আরও দুইদিন অব্যাহত থাকতে পারে।
কক্সবাজারে টানা ভারী বর্ষণে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন এবং শহরে ১ জন প্রাণ হারান। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।


0 মন্তব্যসমূহ